জাপানে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু

জাপানের টোকিও ও এর আশেপাশের অঞ্চলে রেকর্ড পরিমাণ ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে এবং একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য দেশটির সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চিবা প্রিফেকচারের বিভিন্ন এলাকায় ৩৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানির নিচে তলিয়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়ে এক ব্যক্তির মৃত্যুসহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই জানিয়েছেন, তিনি অতীতে বহু দুর্যোগ মোকাবেলা করলেও এবারের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক ও নজিরবিহীন।

দুর্যোগের কারণে রাজধানী টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছেন। সড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা টার্মিনালেই আটকা পড়েন, যেখানে তাদের মাঝে খাবার, পানি ও কম্বল বিতরণ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে।

শুক্রবারের তথ্য অনুযায়ী, চিবা প্রিফেকচারের বিভিন্ন সড়ক ও রেললাইন বন্যার পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, সকাল পর্যন্ত ২২ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া চিবা শহরের শত শত ক্ষতিগ্রস্ত বাসিন্দা সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হয়েছেন।