বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৬৪ জেলাতেই দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে। সংস্থাটির মতে, আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের ফলে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও ভারী বর্ষণের কারণে বিভিন্ন বিভাগে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ উল্লেখযোগ্য।
একইভাবে ঢাকা বিভাগের টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালী অঞ্চলে দুই থেকে চার দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু স্থানে সাময়িকভাবে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।
অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় যেকোনো সময় হঠাৎ বৃষ্টি নামার ঝুঁকি রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা রোদে সম্পন্ন করতে হয় এমন কাজকর্মে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে।

