দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহে জর্জরিত অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার সংসার। পরকীয়ার অভিযোগসহ নানা ব্যক্তিগত বিষয় নিয়ে তারা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন। এরই মাঝে সম্প্রতি গোবিন্দ বয়সে অনেক ছোট অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জুটি বাঁধায় তাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন সুনীতা। স্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে অভিনেতা কড়া প্রতিক্রিয়া জানালেও বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে সিনেপাড়া।
এমন বিতর্কের মুখে গোবিন্দের সমর্থনে এগিয়ে এসেছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী সোমি আলি। পাকিস্তানি বংশোদ্ভূত এই আমেরিকান অভিনেত্রী বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিভার কোনো নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না। সোমির মতে, একজন শিল্পীর আসল পরিচয় তার কাজের অভিজ্ঞতা ও দক্ষতায়, তাই তাকে বয়সের সংকীর্ণ গণ্ডিতে বাঁধা উচিত নয়।
গোবিন্দ ও সুনীতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমি আরও বলেন, তরুণ সহশিল্পীদের সঙ্গে কাজ করায় কোনো ভুল নেই। ইন্ডাস্ট্রির পরিবর্তনশীল পরিবেশের মধ্যেও একজন অভিজ্ঞ তারকা যখন নিজের কাজের ধারা বজায় রাখেন, তখন সেই জেদকে অভিবাদন জানানো উচিত। প্রসঙ্গত, সম্প্রতি বিমানবন্দরে কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দকে দেখার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই ঘটনার রেশ ধরেই সুনীতা আহুজা গোবিন্দকে ধনী ‘সুগার ড্যাডি’ হিসেবে অভিহিত করেন এবং তাকে পোশাকের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সোশ্যাল মিডিয়ায় গোবিন্দের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে তার পাশে দাঁড়ালেন সোমি আলি।

