বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।
গত কয়েক দিন ধরে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে আলোচনায় ছিলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেত্রী। বিশেষ করে সাবেক স্বামী রাজা চৌধুরীর বিভিন্ন মন্তব্য এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি শিরোনামে উঠে এসেছিলেন। এর মাঝেই তার অসুস্থতার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
প্রাইম ভিডিওতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। করণ জোহরের সঞ্চালনায় এই শোয়ের ২১ জন প্রতিযোগীর একজন শ্বেতা তিওয়ারী। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে সংশয় ছিল। শ্বেতা এই শোতে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ ছিল অনেকের। এছাড়া অনুষ্ঠানের একটি প্রচার ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেন, তিনি অনায়াসেই তার স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্যের কয়েক দিন আগেই রাজা চৌধুরী এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক সম্পর্ক ও সিজান খানের সাথে সম্পর্কের অভিযোগ তুলেছিলেন। যদিও এত বছর ধরে তিনি চুপ ছিলেন বলে দাবি করেছেন রাজা।

