বলিউড তারকাদের পারিশ্রমিক গ্রহণের প্রচলিত ধারায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বড় অঙ্কের এককালীন পারিশ্রমিকের বদলে এখন অনেক তারকা সিনেমার লভ্যাংশ ও স্বত্বের অংশীদার হওয়ার দিকে ঝুঁকছেন। এই নতুন ব্যবসায়িক কৌশলের পথে হাঁটার কথা ভাবছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
জানা গেছে, ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মোদী। তবে এই নির্দিষ্ট পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে শ্রদ্ধা কাপুর সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা যাচাই করছেন।
প্রযোজক হিসেবে যুক্ত হলে তিনি শুরুতে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে সিনেমাটির ওটিটি স্বত্ব, বক্স অফিসের লভ্যাংশ ও অন্যান্য স্বত্বের অংশীদার হতে পারেন। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হলে এই মডেলের মাধ্যমে তার আয় ২০ কোটি রুপিকেও ছাড়িয়ে যেতে পারে। বলিউডে এই ব্যবসায়িক মডেলটি নতুন নয়; অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারা বর্তমানে সিনেমার লভ্যাংশে অংশ নেওয়ার এই কৌশলে লাভবান হচ্ছেন।
বর্তমানে শ্রদ্ধা কাপুর তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমাটির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে। তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপির পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হবেন—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

