অক্ষয় কুমারের নতুন সিনেমায় অভিনয়ের গুঞ্জন টলিউড অভিনেত্রী রুক্মিণীর

টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বেশ কিছু দিন ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। বাংলা সিনেমায় তার শেষ কাজ ছিল গত বছরের ‘হাঁটি হাঁটি পা পা’। তবে এবার বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে এই অভিনেত্রীর। সূত্রের খবর, অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে। নির্মাতাদের পছন্দের তালিকায় তার নাম রয়েছে এবং চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে।

যদিও এখন পর্যন্ত অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা যায়। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল—এই তিন ধরনের উপাদানের মিশেলে তৈরি হচ্ছে সিনেমাটি। ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন ছিল, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে। আর সে কারণেই রুক্মিণীর নাম আলোচনায় এসেছে। তবে এখনো তার অভিনয় করার বিষয়টি চূড়ান্ত নয়, ফলে অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি সত্যিই বড় পর্দায় দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

‘শামুক’ সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই ছবির হাত ধরে আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রুক্মিণী মৈত্রের ক্যারিয়ারের প্রথম বাংলা সিনেমা ছিল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’। এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’। এটিই তার প্রথম হিন্দি ছবি নয়; এর আগে তাকে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল। অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর জুটি বাঁধার জল্পনা সত্যি হলে, তার ক্যারিয়ারে এটি হবে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট।