হাতের জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন জানান, গত তিন দিন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তিনি বলেন, ‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।’ অভিনেতা আরও জানান, অস্ত্রোপচারের দিনই তিনি হাতের আঙুল দিয়ে কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন, যা তার জন্য স্বস্তিদায়ক ছিল।
গত বৃহস্পতিবার মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে। এর আগে একই হাতে, বিশেষ করে কনুইয়ের অংশে তার অস্ত্রোপচার হয়েছিল। সেই পুরোনো অস্ত্রোপচারের সময় ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যাওয়ায় জটিলতা দেখা দেয় এবং প্লেটের স্ক্রুগুলো নার্ভের ওপর চাপ সৃষ্টি করছিল।
হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, সমস্যাটি কেবল প্লেট খুলে ফেলার মতো সহজ ছিল না। প্রথমে আটকে যাওয়া নার্ভটিকে সাবধানে মুক্ত করতে হয়েছে এবং এরপর সেটিকে এমন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো চাপ না পড়ে। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
মিঠুনের অসুস্থতার খবরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অভিনেতা দেব। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী এবং রাতে দেব অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

