জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো খুঁজছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী?

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বিয়ের জন্য পাত্র হিসেবে ঠিক কেমন গুণাবলি আশা করেন, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন। জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজনকে খুঁজছেন, যিনি একজন ভালো মানুষ হবেন এবং তার সাথে গভীর বন্ধুত্ব থাকবে। পাশাপাশি সঙ্গীকে ভ্রমণপ্রিয় ও আনন্দময় স্বভাবের হতে হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে মিমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সন্তানদের প্রতি ভালোবাসাকে—তার মতে, জীবনসঙ্গীকে অবশ্যই তার সন্তানদের খুব ভালোবাসতে হবে।

বর্তমানে মিমি তার আসন্ন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দুর্গাপূজায় মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারণার ফাঁকে নিজের ব্যক্তিগত জীবনের এই দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরেন তিনি।

বিয়ে নিয়ে মজার ছলেই মিমি জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তিনি বেশ পছন্দ করেন, বিশেষ করে যদি সেখানে নিরামিষ খাবারের পর্যাপ্ত আয়োজন থাকে। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যখন সময় হবে, তখন বিষয়টি নিয়ে ভাববেন।

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন মিমি। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় তিনি সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির প্রস্তুতির বিষয়ে মিমি জানান, পরিচালক সৃজিত তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের আলোচিত চরিত্র ‘পুপে’র উদাহরণ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন।