ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউড তারকা মিমি চক্রবর্তী

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর এবং প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে বিনোদন দুনিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ৩৭ বছর বয়সী এই গ্ল্যামার কন্যার সিঙ্গেল স্ট্যাটাস এবার ঘুচতে চলেছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিমি। জমকালো এই বিয়ের অনুষ্ঠানটি পাহাড়ি শহর কালিম্পংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্তান টাইমস বাংলার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন, বরং পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি এতদিন একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা।

কলকাতার গণমাধ্যমগুলো মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছেন। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।