প্রথমবারের মতো মা হলেন মার্কিন পপ তারকা লেডি গাগা

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা প্রথমবারের মতো মা হয়েছেন। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাকে নবজাতক সন্তানকে কোলে নিয়ে দেখা গেছে। এই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, গাগা তার দীর্ঘদিনের সঙ্গী ও বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন। তবে নবজাতকের নাম কিংবা লিঙ্গ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু প্রায় পাঁচ বছর আগে। কোভিড-১৯ মহামারির সময় তারা মালিবুতে গাগার বাড়িতে দীর্ঘ সময় কোয়ারেন্টাইনে ছিলেন, যা তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলানস্কি জানিয়েছিলেন, কোয়ারেন্টাইনের সাধারণ জীবনযাপন, যেমন কফি বানানো কিংবা একসঙ্গে বই পড়ার মতো বিষয়গুলোই তাদের বন্ধনকে দৃঢ় করেছে। দীর্ঘ প্রেমের পর ২০২৪ সালের এপ্রিলে এই জুটি বাগদান সম্পন্ন করেন।

গত মে মাস থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছেন এই তারকা। এমনকি গাগার কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়েম’-এর প্রচারণার সময়ও তিনি ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মুখ খোলেননি। বর্তমানে গাগা তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘মেহেম’ এবং বিশ্ব সফর ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়োস’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

মা হওয়ার বিষয়টি গাগার কাছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, ভবিষ্যতে অন্তত তিনটি সন্তানের মা হতে চান তিনি। পরিবারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করা গাগা সেসময় বলেছিলেন, একটি গভীর পারিবারিক বন্ধনের মধ্যে বড় হওয়া গাগার পক্ষে স্বাভাবিক পারিবারিক জীবন ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা কঠিন। প্রায় ১৩ বছর পর তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে ও মাইকেল পোলানস্কিকে অভিনন্দন জানাচ্ছেন।