একই দিনে মুক্তি পেল হলিউডের দুই নতুন সিনেমা

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করল হলিউডের দুটি নতুন সিনেমা। ভৌতিক রোমাঞ্চধর্মী ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং শিশুতোষ অ্যানিমেশন ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার থেকে দেশের দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখাতেই সিনেমা দুটি প্রদর্শিত হচ্ছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ পরিচালনা করেছেন জ্যাকব চেজ। এতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স ও লিন শে। সিনেমার গল্পে জেমা নামের এক তরুণী মা তার মেয়েকে নিয়ে শৈশবের বাড়িতে ফিরে এসে নিজের এক অস্বাভাবিক ক্ষমতার বিষয়টি আবিষ্কার করেন। তিনি ‘দ্য ফারদার’ নামের হারানো আত্মাদের জগতে প্রবেশ করতে পারেন এবং সেই জগতের অশুভ শক্তিকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসতে সক্ষম। এই ক্ষমতা জেমা ও তার পরিবারকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেয়, যার ফলে বাস্তব জগৎ ও আত্মার জগতের মধ্যকার সীমারেখা ভেঙে পড়তে শুরু করে।

একই দিনে মুক্তি পাওয়া ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা, যা পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার। এতে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগ। সিনেমাটির সংগীতায়োজনে ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গানও যুক্ত করা হয়েছে। গল্পের প্রেক্ষাপটে দেখা যায়, পাও পেট্রোল দলটি একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে ডাইনোসর অধ্যুষিত অজানা এক দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে তারা জবি নামের একটি নতুন কুকুরের সঙ্গে পরিচিত হয়, যে দীর্ঘ সময় সেখানে আটকে থেকে ডাইনোসরদের বিষয়ে অনেক কিছু জানে। দ্বীপের খনিজ সম্পদ ও বিপন্ন ডাইনোসরদের মেয়র হামডিঙ্গারের হাত থেকে রক্ষা করতে জবি ও পাও পেট্রোল দল সম্মিলিতভাবে লড়াই করে।