ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থানকালেই তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভ ভিডিওর মাধ্যমে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা তুলে ধরেন।

বাঁধনের অভিযোগ, এই হামলার পেছনে আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা জড়িত। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে একদল বাঙালি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। অভিনেত্রী বলেন, 'সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।'

এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুটিও ছিল। হামলাকারীরা তার ওপর হাত তুলেছে এবং তার ফোনটি ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাঁধন জানান, তারা তার কানের পাশে আঘাত করেছে। হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, 'তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।'

বাঁধনের দাবি, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়েছে। তারা তাকে জোরপূর্বক 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' বলতে বাধ্য করেছে এবং পুরো বিষয়টি ভিডিও ধারণ করে লাইভ ও আপলোড করেছে। ভিডিওর এক পর্যায়ে বাঁধন বলেন, 'আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই। আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন।'