রাশিয়ার ‘বিদেশি এজেন্ট’ তালিকায় চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে রুশ কর্তৃপক্ষ। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ায় এই তকমাটি এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর প্রয়োগ করা হয়, যাদের বিদেশি সহায়তায় রাশিয়ার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে মনে করে দেশটির সরকার। এই তকমার সঙ্গে গুপ্তচরবৃত্তির নেতিবাচক ধারণাও জড়িয়ে থাকে।

জভিয়াগিনৎসেভ চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তার নির্মিত ‘মিনোটর’ চলচ্চিত্রের জন্য গ্রাঁ প্রি পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটিতে একজন রুশ ব্যবসায়ীর গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যিনি ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য তার কর্মীদের মধ্য থেকে কাকে বেছে নেবেন—এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেছিলেন, ‘সামনের দুই পাশের কোটি কোটি মানুষ একটি মাত্র জিনিস চান—হত্যাযজ্ঞ বন্ধ হোক।’ সেই সাথে তিনি মন্তব্য করেন যে, যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতেই রয়েছে। সমালোচকদের মতে, রাশিয়ার বর্তমান রাজনৈতিক ও নৈতিক সংকটের সবচেয়ে সরাসরি প্রতিফলন দেখা যায় এই চলচ্চিত্রটিতে।

কোভিড মহামারির পর থেকেই জভিয়াগিনৎসেভ রাশিয়ার বাইরে বসবাস করছেন। তিনি ‘দ্য রিটার্ন’, ‘দ্য ব্যানিশমেন্ট’ এবং ‘লেভিয়াথান’-এর মতো বিশ্বজুড়ে সমাদৃত চলচ্চিত্রের নির্মাতা হিসেবে পরিচিত। বিশেষ করে ‘লেভিয়াথান’ চলচ্চিত্রে রাশিয়ার গ্রামীণ জীবনের কঠিন ও বিষণ্ন বাস্তবতার চিত্র ফুটে উঠেছিল।

রাশিয়ায় ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের নানা ধরনের প্রশাসনিক কঠোরতা ও আয়ের ওপর বিধিনিষেধের মোকাবিলা করতে হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যেকোনো প্রকাশনার ক্ষেত্রে বড় অক্ষরে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয় যে, এটি একজন ‘বিদেশি এজেন্ট’ কর্তৃক প্রকাশিত। এর আগে লেখক বরিস আকুনিন এবং রক সংগীতশিল্পী বরিস গ্রেবেনশিকভসহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও একই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রুশ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।