২৫ বছরের লালা অমরনাথের চরিত্রে রূপ নিতে ওজন কমাচ্ছেন আমির

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার পরবর্তী সিনেমার জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। ৬১ বছর বয়সে তিনি পর্দায় হাজির হতে যাচ্ছেন ২৫ বছরের তরুণ ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে। নতুন এই সিনেমার নাম ‘ললকারা’। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অভিনেতা এরই মধ্যে ওজন কমানোর পাশাপাশি খাদ্যাভ্যাসেও বড় ধরণের পরিবর্তন এনেছেন।

সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর। এর আগে ‘লগান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘ ২৫ বছর পর আবারও এই পরিচালকের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন আমির। ‘ললকারা’ নির্মিত হচ্ছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন এবং ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট লড়াই, বন্ধুত্ব ও দেশপ্রেমের গল্প এই সিনেমার মূল উপজীব্য। ওই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ।

পর্দায় ৬১ বছর বয়সী আমিরকে ২৫ বছরের যুবক হিসেবে উপস্থাপন করাই এখন তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগেও বিভিন্ন সিনেমার চরিত্রের প্রয়োজনে আমির শারীরিক গড়নে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। ‘গজনি’তে পেশিবহুল শরীর, ‘দঙ্গল’-এ মহাবীর সিং ফোগাটের বিভিন্ন বয়সের চরিত্র কিংবা ‘লাল সিং চাড্ডা’র জন্য তার শারীরিক রূপান্তর দর্শকদের নজর কেড়েছিল।

নতুন এই সিনেমাটি প্রযোজনা করছে এক্সেল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির সঙ্গে এটি আমিরের তৃতীয় কাজ। এর আগে ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে।