নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা শুরু হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং বিডিরেনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এই কর্মশালার আয়োজন করে। আয়োজনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য তার বক্তব্যে বিডিরেনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিডিরেন একাডেমিক, গবেষণা, নেটওয়ার্কিং ও ভার্চ্যুয়াল ক্লাসরুমসহ বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে আসছে। এই কর্মশালার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম ও সার্ভিসের জেনারেল ম্যানেজার কে এইচ রাশেদুল আরেফিন। এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।