তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৭। পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন ক্যাম্পাসে একই সময়ে শান্তিপূর্ণ মানববন্ধনের অংশ হিসেবে বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও ক্যাডার কাঠামোর মর্যাদা রক্ষায় নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্বের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা প্রয়োজন। তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধিতা না করে বরং পেশাগত মর্যাদা ও যৌক্তিক অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, সরকার যেসব সিদ্ধান্ত দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া শিক্ষার্থী তানভীন ইসলাম বলেন, দীর্ঘ সময় পড়াশোনা করে একজন ভেটেরিনারিয়ানকে ডিপ্লোমাধারীদের অধীনে কাজ করতে হওয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

বিভিএসডব্লিউএর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়াম শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: প্রতিটি উপজেলায় চারজন ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ কার্যকর করা; সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দেওয়া; এবং ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ ভবিষ্যতে না রাখা।

বুরহান উদ্দিন সিয়াম আরও বলেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী নিবন্ধিত ভেটেরিনারিয়ানরাই চিকিৎসা ও পেশাগত সিদ্ধান্ত গ্রহণ করবেন। উপজেলা পর্যায়ে সরাসরি ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার না থাকলে ডিপ্লোমাধারীদের এমন দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়া জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।