এনসিপি’র জোট নিয়ে সমালোচনায় মুখর বিএনপি নেতা রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে, যা রাজনৈতিক দর্শনের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নয়। রোববার ২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত 'জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তরুণ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, যারা তরুণ রাজনীতি করেন, তাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত প্রগতিশীল ও অগ্রগামী। দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয় থেকেই তরুণদের রাজনীতি করা উচিত, কিন্তু আপনারা একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, তিনি মনে করেছিলেন গুলি চালিয়ে ও রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। কিন্তু তিনি এ দেশের মানুষের সাহস ও বীরত্বের ইতিহাসকে মূল্যায়ন করতে পারেননি। ক্ষমতার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালাতে এবং দেশের মানুষের রক্তের ওপর দিয়ে হাঁটতে তার দ্বিধা ছিল না। জুলাই বিপ্লব ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসনে দলীয় নিয়োগ নিয়ে রিজভী বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন সরকার নিজেদের লোক নিয়োগ দেয়, যা যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর মতোই প্রচলিত এবং এটি বেআইনি নয়। তবে তিনি দাবি করেন, ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দলীয়করণ ঘটবে। রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাতেন। আমরা তাকে ফ্যাসিস্ট ও খুনি বলেছি, কিন্তু অশালীন ভাষা ব্যবহার করিনি। এখন কিছু তরুণ নেতার বক্তব্যে যে ভাষা দেখা যাচ্ছে, তা গণতন্ত্র কিংবা উন্নত রাজনৈতিক সংস্কৃতির সহায়ক নয়। সমাজে ঘৃণার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন নাসির শিবিরের সমালোচনা করে বলেন, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও শহীদুল্লাহ হলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবির নেতাদের বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির নারীদের হেনস্তা ও সাইবার বুলিং করে আসছে। অথচ এখন তারা নারী সুরক্ষার কথা বলে টিএসসিতে আলাদা ‘ফিমেল কর্নার’ চালু করেছে, যার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া তিনি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি ধারাবাহিকভাবে রাজনীতিবিদদের নিয়ে তির্যক ও অশালীন মন্তব্য করে আসছেন।

নাসির উদ্দিন নাসির রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের সমালোচনা করে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধি নির্বাচিত করেছেন, যিনি পলিসি মেকিং না করে বেলচা দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন ও মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে জনতা তাকে প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।