২০০ বছরে পা দিচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল, আধুনিকতার ছোঁয়া নেই

রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে তার প্রতিষ্ঠার দুই শতক পূর্তি উদযাপন করতে যাচ্ছে। ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং রাজশাহীর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য কেন্দ্র। ১৮৩৬ সালে সরকারি স্বীকৃতি পাওয়া এই বিদ্যালয়টি ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন রাষ্ট্রীয় পর্বের সাক্ষী। ১৮৭৩ সালে প্রতিষ্ঠানটির নাম হয় রাজশাহী কলেজিয়েট স্কুল। ১৯৩৬ সালে শতবর্ষ এবং ১৯৮৬ সালে ১৫০ বছর পূর্তি উদযাপন করা বিদ্যালয়টি বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। ২০০৮ সালে এখানে একাদশ শ্রেণি চালু হয় এবং ২০১০ সালে শিক্ষার্থীরা প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয়টির দীর্ঘ পথচলায় এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ও অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, সংগীতশিল্পী জেমস, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম, ভাস্কর মৃণাল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান বীর উত্তম এ. কে. খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান থেকে বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ অসংখ্য কৃতী ব্যক্তিত্ব।

এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মৃতি। ১৮৯২ সালে রাজশাহীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাক্তন শিক্ষার্থী অক্ষয় কুমার মৈত্রেয় ও শরৎকুমার রায়ের সঙ্গে সাহিত্যসভায় অংশ নেন এবং রাজশাহী অ্যাসোসিয়েশনের সভায় ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। ১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এলে কলেজিয়েট স্কুলের ফুলার হোস্টেলের শিক্ষার্থীরা তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে কবি বক্তব্য দেন এবং ‘চল চল চল’ গানটি পরিবেশন করেন। ১৯৩৮ সালে স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শেরেবাংলা এ. কে. ফজলুল হক, যিনি ছাত্রদের অভিনয়ে মুগ্ধ হয়ে দুজন শিক্ষার্থীকে সোনার মেডেল উপহার দেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রতিটি পর্যায়ে এখানকার শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের গৌরবময় ইতিহাস রয়েছে। ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর স্বরাজ আন্দোলনের আহ্বানে শিক্ষার্থীরা পিকেটিং ও বিলাতি কাপড় বর্জন কর্মসূচিতে অংশ নেয়। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজশাহী সফরের পর আজাদ হিন্দ ফৌজের আন্দোলনেও অনেকে যুক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আব্দুর রাজ্জাক, নাজমুল হক ও মহিউদ্দিন আহমেদের মতো শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভ নির্মাণে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

তবে দীর্ঘ ঐতিহ্যের বিপরীতে বর্তমান বাস্তবতায় প্রতিষ্ঠানটি নানা সংকটে জর্জরিত। প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর এই সরকারি বিদ্যালয়ে আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড নেই। পুরোনো ভবনগুলোর পলেস্তারা খসে পড়ছে এবং অনেক জানালার কাচ ভাঙা। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক আবু তোরাব আলী আজাদ জানান, ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ভেঙে ফেলা হয়, যা ছিল রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূতিকাগার। বর্তমানে ভবন সংস্কারের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

বিদ্যালয়ে জনবল সংকটের কারণেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। কোনো স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী না থাকায় শৌচাগারের অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধ নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এছাড়া লাইব্রেরিয়ান ও অফিস সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় শিক্ষকদের অতিরিক্ত দাপ্তরিক চাপ সামলাতে হচ্ছে। কম্পিউটার ল্যাব থাকলেও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে এবং ১৭টির মধ্যে মাত্র ১৪টি কম্পিউটার সচল আছে। প্রধান শিক্ষক বাইরুল ইসলাম জানিয়েছেন, সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবন সংস্কারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং ভবিষ্যতে অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে। প্রতিবছর বুয়েট, রুয়েট, কুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে এখান থেকে শিক্ষার্থীরা সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধরে রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।