প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত শনিবার (০১ আগস্ট) মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি আরও বলেন, বিভিন্ন তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে তাদের কাজে যোগ দেওয়া বিলম্বিত হয়েছে। তবে আসন্ন ২৯ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর ১৪ হাজারেরও বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

তবে চূড়ান্ত ফল প্রকাশের পর দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও যোগদান না হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারা জানিয়েছিলেন, নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় তারা আতঙ্কে ছিলেন। দ্রুত যোগদানের ব্যবস্থা করার দাবিতে প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছিলেন।