পাঠ্যবই নিয়ে সমালোচনার মধ্যে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি

সম্প্রতি পাঠ্যবই নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের এনসিটিবি থেকে সরিয়ে বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে একই তারিখের অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন সহযোগী অধ্যাপক মো. কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, বিশেষজ্ঞ মো. হুমায়ুন কবিরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পাঠানো হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ মো. আবু হানিফকে রংপুরের টিচার্স ট্রেনিং কলেজে, অধ্যাপক মো. রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ের ‘দাঁড়িপাল্লাকাণ্ডে’ এনসিটিবির কর্মকর্তা মু. আবদুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছিল।