জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় দ্রুত একাদশতম নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ জাতীয় ছাত্রশক্তি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের সময় উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ৩৩ বছর পর জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৫ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ২০২৫ সালে নির্বাচিত জাকসু প্রতিনিধিদের অন্যতম দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা, যা তারা পালনে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, এই ব্যর্থতার দায় সংশ্লিষ্ট প্রতিনিধিদেরই নিতে হবে।

জিয়া উদ্দিন আয়ান স্পষ্ট করে বলেন, প্রশাসনিক জটিলতা কিংবা আর্থিক অনিশ্চয়তার মতো অজুহাতে জাকসু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে একাদশতম জাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণা না করা হলে, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। স্মারকলিপি প্রদানকালে সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ এবং দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।