ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব দিয়ে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব, সবুজ ও বিদ্যুৎ-স্বনির্ভর ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী। স্মারকলিপি প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলা হয়, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এখন সময়ের দাবি ও জাতীয় অগ্রাধিকার। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হিসেবে সৌরবিদ্যুৎ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলসহ সব উপযুক্ত ভবনের ছাদ ব্যবহার করে ‘ঢাকা ইউনিভার্সিটি রুফটপ সোলার অ্যান্ড গ্রিন এনার্জি প্রজেক্ট’ নামের একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো। পরবর্তীতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং বা গ্রিড সংযুক্ত ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করার প্রস্তাবও দেওয়া হয়েছে স্মারকলিপিতে।