বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান সম্ভাবনা ও উন্নয়নের ধারায় বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ম্যাক্স গ্রুপ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় চীনভিত্তিক সৌর ফটোভোল্টাইক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জি আয়োজিত ‘অ্যাস্ট্রোনার্জি ও ওয়ার্ল্ড ফিউচার ২০২৬–বাংলাদেশ রোডশো’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান সরকার সৌরবিদ্যুতের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশজুড়ে সোলার ছাদ এবং সোলার সেচের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে জোর আলোচনা চলছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই বিশাল বাজারে অংশীদার হওয়ার লক্ষ্যে ম্যাক্স গ্রুপ ইতোমধ্যে ২০ কোটি টাকার সরঞ্জাম অর্ডার করেছে, যা শীঘ্রই দেশে এসে পৌঁছাবে।
গোলাম মোহাম্মদ আলমগীর আরও জানান, ম্যাক্স গ্রুপ এবং আন্তর্জাতিক সোলার খাতভিত্তিক প্রতিষ্ঠান 'ব্লু কার্বন' যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে এই উদ্যোগটি 'ম্যাক্স ব্লু কার্বন' নামে আত্মপ্রকাশ করবে। পাওয়ার সেক্টরে ম্যাক্স গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তাদের একটি ১৬৫ মেগাওয়াটের গ্যাস-ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট চালু রয়েছে এবং তারা ইপিসি ঠিকাদার হিসেবেও কাজ করছে। এছাড়া নিজস্ব ফ্যাক্টরিতে কোনো স্টোরেজ বা ব্যাটারি ছাড়াই প্রায় ২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সোলার সিস্টেম স্থাপনের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
চীনা প্রযুক্তি ও গুণগত মান নিয়ে আস্থা প্রকাশ করে তিনি বলেন, ভালো মানের চীনা পণ্য কিনলে ক্রেতার অভিজ্ঞতা কখনোই খারাপ হয় না। রেলওয়ে ও সড়কপথের বড় বড় ইপিসি চুক্তি বাস্তবায়নে চীনা অংশীদারদের সাথে কাজের দীর্ঘ ও ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে ম্যাক্স গ্রুপের। তিনি সৌরবিদ্যুৎ খাতে আগ্রহী বিনিয়োগকারীদের অ্যাস্ট্রোনার্জি এবং অদূর ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া 'ম্যাক্স ব্লু কার্বন'-এর ওপর আস্থা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানসহ বাংলাদেশের শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে অ্যাস্ট্রোনার্জির নতুন সোলার মডিউল 'এন৭ প্রো' উন্মোচন করা হয়। একই সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনাকে আরও দৃঢ় করতে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সেরা পরিবেশক, কৌশলগত অংশীদার ও সেরা সৌর প্রকল্প ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

