ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও সংগঠক কাজী ফাহাদ। তিনি ২০২৭ সালের মেয়াদের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন। নতুন এই পদে দায়িত্ব পালনকালে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার জেসিআই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
কাজী ফাহাদ এর আগে ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন নির্বাচন আন্তর্জাতিক যুব নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে জেসিআইয়ে যোগদানের পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছেন। ২০২০ সালে জেসিআই ঢাকা এন্ট্রাপ্রেনিউরসের লোকাল প্রেসিডেন্ট, ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নিজের এই অর্জন প্রসঙ্গে কাজী ফাহাদ বলেন, জেসিআই তাঁকে গড়ে তুলেছে, বদলে দিয়েছে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে ও দেশের সীমানা পেরিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে। তিনি জেসিআই বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্টবৃন্দ, পথপ্রদর্শক এবং সহযোদ্ধা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, কেউ একজন তাঁর জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিলেন, তিনিও অন্যদের জন্য তেমনই সুযোগ তৈরি করতে চান। ২০২৭ সালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর ন্যাশনাল অর্গানাইজেশনের কার্যক্রমে সহায়তা, নেতৃত্ব উন্নয়ন এবং আন্তদেশীয় অংশীদারত্ব বৃদ্ধিতে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পাশাপাশি তরুণ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও নেতৃত্বের সুযোগ বাড়ানো তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
জেসিআইয়ের বাইরে কাজী ফাহাদ একজন সফল উদ্যোক্তা। তিনি ২০১১ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া করপোরেট উপহার ও প্রচারসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘করপোরেট বক্স’ও তাঁর ব্যবসায়িক উদ্যোগের অন্তর্ভুক্ত। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময়ের উদ্যোক্তা জীবনে তিনি দেশের রপ্তানি খাতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৬-২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই দায়িত্বের মাধ্যমে তিনি বাংলাদেশের আরও বেশি তরুণকে বিশ্বপরিসরে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে চান।

