বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ নিয়ে জাপানের বড় পরিকল্পনা

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে জাপান। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া গত ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকর্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, গাড়ি ও উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে এই বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া জাপানের সংশ্লিষ্টতায় গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে। সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে যুক্ত রয়েছে। জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়লে দেশে উৎপাদন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও শিল্পদক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সফরকালে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতি এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। এছাড়া জাইকা, জেবিআইসি এবং জেট্রোসহ জাপানের বড় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। সফরসূচির অংশ হিসেবে বুধবার ইউনিক্লোর প্রধান কার্যালয় এবং বৃহস্পতিবার নাগোয়ায় টয়োটা মোটর করপোরেশনের কারখানা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই হয়েছে। এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের গাড়ি উৎপাদন ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।