আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম। বাংলাদেশ সময় সন্ধ্যা ৯টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২২৩ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছে। তবে সাপ্তাহিক ব্যবধানে এই মূল্যবান ধাতুর দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম সরবরাহের চুক্তির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ ডলার ১০ সেন্টে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার্স জানিয়েছেন, সুদের হার বাড়ার প্রত্যাশা কিছুটা কমে যাওয়ায় মার্কিন ডলারের দর দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া স্বর্ণের বাজারে আগে অতিরিক্ত দরপতন হওয়ায় বর্তমানে দাম কিছুটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, বাজারের কারিগরি চিত্র এখনো খুব একটা আশাব্যঞ্জক নয় এবং সুদের হার বাড়ানোর প্রবণতা পুনরায় শুরু হলে স্বর্ণের দাম আরও কমতে পারে।
মার্কিন সরকারি তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে কৃষি খাতের বাইরে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র ২৯ হাজার, যা আগস্টের সংশোধিত ১ লাখ ৩৩ হাজার থেকে কম। কর্মসংস্থান বৃদ্ধির গতি কমে যাওয়ার তথ্য প্রকাশের পর ডলারের দর কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ফেডারেল রিজার্ভ এখনো মূল্যস্থিতিকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তবে ট্রেজারি বন্ডের সুদহার যদি সত্যিই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে থাকে, তাহলে স্বল্প মেয়াদে স্পট মার্কেটে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মূল্যস্ফীতি এবং অক্টোবরে সুদের হার বাড়ানোর বিষয়ে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের বিরোধিতাও সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশা জোরালো করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সুদের হার উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করেছে। এদিকে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২ শতাংশ বেড়ে ৬২ ডলার ৭ সেন্ট, প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪০ ডলার ৫৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৭ ডলার ৪৭ সেন্টে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই কমার পথে রয়েছে।

