দেশের ই-কমার্স খাতে গ্রাহক প্রতারণা ও আর্থিক অনিয়মের ব্যাপকতা আবারও প্রকাশ পেয়েছে। বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ পর্যন্ত ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহক ও বিক্রেতাদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৮৬৯ কোটি টাকা দাবি করা হয়েছে। জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিসের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং এবং আলেশা মার্টসহ বিভিন্ন বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিষয়টি সংসদের দৃষ্টিতে আনেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ৪৭২ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের তথ্যের বরাতে জানা যায়, এসক্রো ব্যবস্থায় আটকে থাকা অর্থ থেকে একটি বড় অংশ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, সনাক্ত হওয়া ৫৩৪ কোটি টাকার মধ্যে ৯৫ হাজার ৯২৩ জন গ্রাহককে ৪৭৬ কোটি ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে প্রতারণার শিকার সব গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। বাণিজ্যমন্ত্রী জানান, অভিযোগের সত্যতা যাচাই, প্রকৃত পাওনাদারদের চিহ্নিতকরণ এবং বিভিন্ন মামলার তদন্ত চলমান থাকায় কিছু ক্ষেত্রে টাকা ফেরত দিতে বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে।
অনলাইন ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন অন্যতম। মন্ত্রী সংসদে জানান, এ পর্যন্ত ১ হাজার ৯০২টি ই-কমার্স প্রতিষ্ঠানকে ডিবিআইডি নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া লেনদেনকে নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংকের ‘মার্চেন্ট অ্যাকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা’ কার্যকর রয়েছে, যার মাধ্যমে পণ্য বা সেবা না পাওয়া পর্যন্ত গ্রাহকের টাকা সরাসরি বিক্রেতার কাছে যায় না।
ই-কমার্স খাতকে আরও বেশি জবাবদিহির আওতায় আনতে সরকার একটি বিশেষ ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা করছে। এই নতুন কর্তৃপক্ষের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, গ্রাহকসেবা ও অনিয়মগুলোর ওপর নিয়মিত নজরদারি করা হবে। তবে নতুন এই কর্তৃপক্ষ গঠন করতে কিছুটা সময় লাগবে বিধায়, আপৎকালীন ব্যবস্থা হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করে ভোক্তা অধিকার অধিদপ্তরকে আরও শক্তিশালী ও ক্ষমতাবান করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

