দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার, যা ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের সমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, ২০ আগস্ট পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ১৮ আগস্ট এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার। উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়সমূহ বিয়োগ করলে এই নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

