কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছারকে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তৌহিদ ও তানজির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীত দিকে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জমি নিয়ে কাউছার ও শামীমের সঙ্গে তানজির ও তার আপন ছোট ভাই তৌহিদের বিরোধ চলছিল। ঘটনার দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তৌহিদ ও তানজিরসহ কয়েকজন ওই জমিতে কফি শপ তৈরির কাজ করছিলেন। এ সময় কাউছার, শামীমসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তৌহিদ ও তার সহযোগীরা কাউছার ও শামীমের ওপর হামলা চালায়।
তৌহিদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে কাউছার গুরুতর জখম হন। এ সময় শামীমসহ আরও কয়েকজন আহত হন। হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার মধ্যরাতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তানজিরকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতার হাতে তৌহিদ আহত হন, তাকে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি এবং তানজিরের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে এসআরবি-১১, কুমিল্লা সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

