নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ভাষ্যমতে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখেছিলেন রায়হান। ভোরে বাড়ি ফিরলে দেরিতে ফেরার কারণ নিয়ে স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় রায়হান তাকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে ফিরে এসে দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার স্বামী ঝুলে আছেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার কথা ছিল। খবর পেয়ে দুপুরের দিকে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

