দৌলতদিয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে নারীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তার (৩০) নামের এক নারীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সোনিয়া আক্তার বরিশালের হিজলা থানার চর ভারেয়া গ্রামের বাবুল চৌকিদারের মেয়ে এবং দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময় দৌলতদিয়া যৌনপল্লীর ওই ভাড়া বাসায় সোনিয়া আক্তারের ওপর হামলা চালান জুয়েল সরদার। অভিযুক্ত ব্যক্তি সোনিয়াকে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

ঘটনার দিন সকাল ৬টার দিকে সোনিয়ার সহপাঠী আইরিন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সোনিয়ার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তার করেছে। জুয়েল সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার নুকু সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।