গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং দ্রুত পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।
সকাল থেকেই টঙ্গী বাজার এলাকা থেকে বস্তিবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করার পর বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে চলে তাদের বিক্ষোভ।
এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পথচারীরা। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আন্দোলনকারীরা দাবি জানান, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানেই বসবাসের সুযোগ দিতে হবে। বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ কার্যক্রম চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন। বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করতে তারা প্রস্তুত, তবে কয়েকজনের অপরাধের দায় হাজারো পরিবারকে গৃহহীন করার মাধ্যমে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অবরোধের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

