জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বরগুনা সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বসতঘরে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে আদালতে দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরধুপতি এলাকায়। স্থানীয় মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির চেষ্টা করা হচ্ছিল। ৯৯৯-এ খবর পেয়ে বরগুনা সদর থানার এসআই (নিরস্ত্র) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

