টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ হাউসবোটকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা অমান্য করায় ছয়টি হাউসবোটকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা কয়েকদিন আগেই জারি করা হয়েছিল। সেই নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার অধিকাংশ হাউসবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।