টাঙ্গাইলের ডিসি লেককে আধুনিক মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি লেক এলাকা পরিদর্শন করেন এবং এর সার্বিক পরিবেশ ও পানির অবস্থা পর্যবেক্ষণ করেন।

দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা অপসারণে প্রতিমন্ত্রী নিজেই হাত লাগান এবং উপস্থিত স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি সংশ্লিষ্টদের নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার কড়া নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, ডিসি লেককে একটি আধুনিক মিনি পর্যটনকেন্দ্র হিসেবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “ডিসি লেককে ঘিরে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে আমি এখানে এসেছিলাম। আমাদের পরিকল্পনা হলো ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং পাশের চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।”

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার অনুযায়ী আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজ চলমান রয়েছে। লেকটিকে সুন্দর ও ব্যবহার উপযোগী করে তোলার পাশাপাশি এখানে মাছ চাষের পরিকল্পনাও রয়েছে, যাতে শহরের মানুষ এখান থেকে সুফল পায়। তিনি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।