সৈয়দপুরে পুকুরে মিলল সক্রিয় গ্রেনেড, নিষ্ক্রিয় করতে র‍্যাবের ইউনিট

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে সক্রিয় একটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার লক্ষ্যে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডাঙ্গাপাড়ার আশির উদ্দিন শাহের পুকুরে তানভির ও আনসারুল নামে দুই যুবক গোসল করতে নামেন। গোসলের সময় তানভিরের পায়ে শক্ত কোনো বস্তুর স্পর্শ লাগে। পরে তারা দুজন মিলে বস্তুটি পানির নিচ থেকে তুলে আনেন। গ্রেনেড সদৃশ বস্তুটি দেখে তারা আতঙ্কিত হয়ে পুকুরপাড়ে নিয়ে আসেন এবং বিষয়টি সৈয়দপুর থানায় অবহিত করেন। তবে ওই দুই যুবকের অভিযোগ, থানায় জানানোর পর এটিকে খেলনা মনে করে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ঝুঁকি বিবেচনায় তারা র‍্যাবকে খবর দেন।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে র‍্যাব-১৩ নীলফামারীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১৩ নীলফামারীর স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি সক্রিয় গ্রেনেড বলে নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেনেডটি কীভাবে ওই পুকুরে এলো এবং এটি আসলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কি না, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।