মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৩৯ বোতল এসকেএফ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এ সময় দুটি পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে শহীদ ডা. শামসুল হক সড়কের সৈয়দপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৯ বোতল এসকেএফ মাদক উদ্ধার করা হয়। সেখান থেকে রকি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং একই অভিযানে আরও একজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে দিনরাত অভিযান চলছে। তিনি মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গত এক মাসে মাদক সংক্রান্ত মামলায় অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধেও অভিযান চলছে। মাদক ব্যবসায়ীদের অবস্থান ও সরবরাহের তথ্য সংগ্রহ করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

