সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে নৌ-বন্ধন

সুন্দরবন থেকে বনদস্যুদের পুরোপুরি নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নৌকা নিয়ে পাঁচ শতাধিক বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সুন্দরবন পাড়ে বসবাসরত স্থানীয় গ্রামবাসীরাও এই আয়োজনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

বনদস্যু নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই নৌ-বন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সালাউদ্দিন লিটন। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা, যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত এবং বিভিন্ন ইউপি সদস্য ও জেলে প্রতিনিধিরা।

জেলে বাবলুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও সাতক্ষীরা রেঞ্জ দস্যুমুক্ত হয়নি, বরং দস্যুদের হুমকি ও মুক্তিপণের হার আগের চেয়ে বেড়েছে। জেলে সবুর আলী জানান, দস্যুদের বেপরোয়া কর্মকাণ্ডে জেলেরা বনে যাওয়া বন্ধ করে দিয়েছেন, যার ফলে ভরা মৌসুমেও পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। জেলে ওমর ফারুকের দাবি, সরকার বনদস্যু নির্মূল করুক অথবা তাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তিনি জানান, আন্দোলনের ছবি দস্যুদের কাছে পৌঁছানোয় তারা জেলেদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির জানিয়েছেন, জেলেদের এই দুর্দশার কথা বন ও পরিবেশ মন্ত্রীর কাছে তুলে ধরা হবে এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হবে। কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নবম দিনেও কোস্টগার্ডসহ দায়িত্বশীল প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত সুন্দরবন দস্যুমুক্ত না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বনবিভাগ সীমিত সামর্থ্য নিয়েও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জেলেদের সাথে যৌথ অভিযান পরিচালনার জন্য বনবিভাগ সর্বদা প্রস্তুত রয়েছে।