সিরাজদিখানে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত, আহত আরেকজন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া এলাকায় সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক বৃদ্ধ।

নিহত ব্যক্তিরা হলেন—সিরাজদিখান উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। দুর্ঘটনায় আহত ৭০ বছর বয়সী হাশেম বেপারীর বাড়িও একই এলাকায়; তিনি মৃত হোসেন বেপারীর ছেলে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ শেষ করে স্থানীয় কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন এবং বাড়ি ফেরার আগে সেখানে অবস্থান নেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী একটি নম্বরবিহীন বালুভর্তি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে আহত হাশেম বেপারী জানান, নামাজ পড়া শেষে তারা কয়েকজন মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ একটি ড্রাম ট্রাক এসে তাদের ওপর উঠে গেলে তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। এর পর সেখানে কী ঘটেছে, তা তিনি আর বলতে পারেননি।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয় লোকজন আহত তিন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাদের মধ্যে দুজনের মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছিল।

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।