সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৬২) নামে এক মুরগির খামার মালিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের বাসিন্দা আরশাদ আলী গাজীর বড় ছেলে।
নিহতের ছোট ভাই ও বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, সকালে আব্দুর রাজ্জাক তার নিজস্ব মুরগির খামারে বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যক্তিগত জীবনে আব্দুর রাজ্জাক স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

