সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অফিস এক বিশেষ অভিযান চালিয়ে ৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী এবং ১২টি বুলু নেট জাল জব্দ করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের অন্তাখালী খালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বেসরকারি সংস্থা সিএনআরএস কর্তৃক খননকৃত এই খালে অভিযানটি পরিচালনার সময় রমজাননগর ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় গ্রামবাসীর সহায়তায় মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান। এ সময় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরাও অভিযানে সহায়তা প্রদান করেন।
অভিযান পরবর্তী প্রতিক্রিয়ায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তৌহিদ হাসান জানান, চায়না দুয়ারী ও বুলু নেট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন প্রক্রিয়া এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে শ্যামনগর এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবাধে চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ, পোনা এবং অন্যান্য জলজ প্রাণি হুমকির মুখে পড়েছিল। মৎস্য অফিসের এই অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মনে করছেন।

