সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের প্রয়াত সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী স্বর্গীয় রিপন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বংশীকুন্ডা বাজারে এই শোকাবহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহফুজ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন মিয়া। সভায় বক্তারা মরহুম রিপন সরকারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল বাবুল, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এবিএম জুয়েল তালুকদার। এছাড়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল, রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নীল রতন সরকার, সংগঠনের কোষাধ্যক্ষ রিপন সরকার ও সদস্য বিপ্লব বিশ্বাস বক্তব্য রাখেন। পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন প্রয়াতের বড় ভাই অরু বিন্দু সরকার।
বক্তারা প্রয়াত রিপন সরকারকে বংশীকুন্ডা বাজারের একজন সৎ, নিবেদিতপ্রাণ ও অত্যন্ত প্রিয়মুখ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, স্থানীয় ব্যবসায়ী সমাজের উন্নয়নে তার অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সবশেষে সভাপতি মাহফুজ কাওছার সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষণা করেন।

