শিবগঞ্জে মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত বাইরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ২টার দিকে বাড়ির পাশে মাছ চাষের জন্য তৈরি একটি চৌবাচ্চায় মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পরপরই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।