চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উলটে বাবা ও ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার উদ্দেশ্যে জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। হাট থেকে ফেরার পথে শিবগঞ্জের পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে তারা জেনেছেন। গুরুতর আহত অবস্থায় ভর্তি হওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

