শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল খাঁ (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত মজিবুল ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই রবিউল খাঁ পলাতক রয়েছেন। তবে রবিউলের স্ত্রী নাজমা বেগমের দাবি, দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মজিবুল মারা গেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিউলের স্ত্রী নাজমা বেগমকে পুলিশ আটক করেছে। পলাতক রবিউলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।