চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো রবিবারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে শুরু করে। পরিস্থিতির অবনতি হলে ১১ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক জহুরুল ইসলাম খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে খাবার দেওয়া হলেও এর মান যাচাইয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। নিম্নমানের খাবার খেয়ে শিশুরা অসুস্থ হলে সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ করছে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম—গাক। এ বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, অভিযোগ পাওয়ার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।

