সাভারের হেমায়েতপুরে ন্যূনতম বেতন বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে পুলিশ ও বিজিবির সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। বেলা ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড় ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা জড়ো হন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিজিবি শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরানোর চেষ্টা করে।
সংঘাতের একপর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পরই পেশাগত দায়িত্ব পালনকালে স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন এবং ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এদিকে, হেমায়েতপুরের পাশাপাশি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানাতেও শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয়। এসব ঘটনার পর সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সার্বিক বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, ৩ দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেওয়ার পর সড়ক স্বাভাবিক হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

