পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ৫ লাখ টাকা ধার-দেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরগুনার ইসমাইল হোসেন (৪০)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর এলাকায় পাইপলাইনের গভীর গর্তে কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসমাইল বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের জ্যেষ্ঠ সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে সবার বড় ইসমাইল সংসারের হাল ধরতে ২০২৫ সালের ৫ জানুয়ারি শ্রমিক ভিসায় সৌদি আরবে যান। সেখানে গিয়ে প্রথমদিকে কিছুদিন বেকার থাকলেও পরে এক নিকটাত্মীয়ের মাধ্যমে রিয়াদ বিমানবন্দর এলাকায় একটি চীনা কোম্পানিতে কাজ শুরু করেন। কাজ পাওয়ার পর সংসারের অভাব কিছুটা কমলেও বিদেশে যাওয়ার জন্য নেওয়া ৫ লাখ টাকার ঋণ পুরোপুরি শোধ করা সম্ভব হয়নি।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম জানান, প্রতিদিন সকালে স্বামীর সঙ্গে তার কথা হতো। ঘটনার দিন বৃহস্পতিবার সকালেও কথা হয়েছিল এবং ইসমাইল দুপুরে পুনরায় ফোন করার কথা জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফোন না আসায় তিনি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। বিকেল ৫টার দিকে সহকর্মীরা তাকে ইসমাইলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
বর্তমানে ইসমাইলের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার স্ত্রী সোনিয়া বেগম বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি মরদেহ দেশে আনতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। অভাবের সংসারে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। তাই স্বামীর মরদেহ শেষবারের মতো দেখতে সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে পরিবারের পক্ষ থেকে সহায়তা চেয়ে আবেদন করা হলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

