লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চারজনকে আটক করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার বটগাছতলা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারি বাড়ির মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের ব্যাপারি বাড়ির মানিক ব্যাপারি (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।

পুলিশের উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি সিএনজি, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোরাবাড়ি, তিনটি মোবাইল ফোন, দুটি নিক্যাপ, একটি বেডশিটের অংশবিশেষ ও একটি ছেঁড়া লুঙ্গি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।