শনিবার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক

রাঙ্গামাটির সাজেকে অবস্থানরত অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং স্থানীয় ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের প্রতিবাদে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি উষাতন চাকমা এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি জানান, শনিবার ভোর ৫টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সড়ক ও নৌপথে এই অবরোধ কার্যকর থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাজেক এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত আগের একটি শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো এবং সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করতেই নতুন করে এ অবরোধ ডাকা হয়েছে।

ঘোষিত কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনসহ দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন উষাতন চাকমা। তবে জনস্বার্থে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাধীন রোগী বহনকারী গাড়ি, ফায়ার সার্ভিসের যান, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী পরিবহন এবং সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।